সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে সংসদে তুমুল উত্তেজনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

সারের ডিলারশিপ নিয়োগ প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ অধিবেশন। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ করেন। পরে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উত্তর দেওয়ার সময় একাধিকবার উত্তেজনা তৈরি হয় সংসদে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে হাসনাত আব্দুল্লাহ তার মোবাইল ফোন বের করে গণমাধ্যমের শিরোনাম উদ্ধৃত করে বলেন, সারের ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে এক এমপির সন্তান কুপিয়ে হত্যা করেছেন, সেই সন্তানও সারের ডিলার পেয়েছে।

আরও কিছু অভিযোগ এনে হাসনাত প্রশ্ন রাখেন, এটা সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার পর্যালোচনা করা হবে কি না?

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন। তার মধ্যে মূল যে বিষয়টি উঠে এসেছে, তা হলো প্রথমে তিনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন, তাহলে ভিন্ন।

এ সময় বিরোধী দলের সদস্যরা উত্তেজিত হয়ে উঠে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

কৃষিমন্ত্রী স্পিকারের উদ্দেশে বলতে থাকেন, আমি নতুন মন্ত্রী। সাইড টক করলে একটু অসুবিধা হয়। আপনার কাছে আমি চাই, যেন সাইড টক না করে। আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব, অসুবিধা নেই।

এরপর মন্ত্রী আরও বলেন, সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে, অন্যটি জেলা পর্যায়ে। উপজেলার কমিটি ইউএনওর নেতৃত্বে, জেলার কমিটি ডিসির নেতৃত্বে। কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে? সেখানে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে কিছু নিয়মকানুন ছিল- সারের ডিলার পেতে হলে কী কী যোগ্যতা ও শর্ত থাকতে হবে। ওই অনুযায়ী উপজেলা ও জেলাকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক ষোলো আনা তা অনুসরণ করে নির্বাচন করতে হবে। মানুষ প্রথমে ডিসি অফিসে আবেদন করেছেন। ডিসি সাহেব সেটি ইউএনওর কাছে পাঠিয়েছেন। ইউএনওর দপ্তরে উপজেলা কৃষি কর্মকর্তা এবং যে ওয়ার্ড বা ব্লকের জন্য আবেদন করা হয়েছে, সেই ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটি যাচাই-বাছাই করেছে।

মন্ত্রীর বক্তব্য চলাকালে আবারও হট্টগোল শুরু হয়।

এ সময় ডেপুটি স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আমাদের তো কথা বলার অধিকার আছে। জবাব দেওয়ারও অধিকার আছে। যেহেতু মাননীয় বিরোধী দলের নেতা নেই, বিরোধী দলকে নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘এরপর আমার মনে হয়, তারা যেটা সন্দেহ করছেন, আমার বক্তব্যের শেষে সেই সন্দেহ দূর হয়ে যাবে। এরপর যাচাই-বাছাইয়ের পর আবেদন ডিসি অফিসে যাবে। সেখানে ডিসি সাহেবের নেতৃত্বাধীন যে কমিটি আছে, সেই কমিটিতে উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট এলাকার এমপিকে রাখার সুযোগ আছে।’ 

মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও উত্তপ্ত পরিস্থিতি ও উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি চলতে থাকে। ডেপুটি স্পিকার বলতে থাকেন, ‘সদস্যবৃন্দ, আপনারা সবাই বসুন। সবাই বসুন, প্লিজ।’ ‍শেষে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন