সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপি ও কসবার মঈনপুর বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, এসব অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি, বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশন, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, পন্ডস পাউডার, আমল বাটার ও ডাবর আমলা তেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধভাবে পুশইন, নারী ও শিশুপাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন