সুনামগঞ্জে প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ এএম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি খাস জমি দখলের প্রতিবাদ করায় লিটন চন্দ্র বর্মণ নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিটন চন্দ্র বর্মণ পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টিনু মিয়া নামের এক ব্যক্তি পাথারিয়াকান্দা এলাকায় সরকারি খাস জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন। রোববার সকালে পরিবারের সদস্যদের নিয়ে ওই জমিতে নির্মাণকাজ শুরু করতে গেলে প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মণ এর প্রতিবাদ করেন। এ সময় টিনু মিয়া ও তাঁর স্বজনদের সঙ্গে প্রধান শিক্ষকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

স্থানীয়দের অভিযোগ, টিনু মিয়া ওই এলাকার বাসিন্দা নন। প্রায় তিন কিলোমিটার দূরের এলাকা থেকে এসে তিনি সরকারি খাস জমি দখলের চেষ্টা করছেন। এ ছাড়া স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলার আগে কয়েক দিন ধরে টিনু মিয়া প্রধান শিক্ষককে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এর জেরেই রোববার তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি করেন ওই প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে জানতে টিনু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, সরকারি খাস জমি দখলের প্রতিবাদ ও বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন