সৌদি ক্লাবের ৩৪৮ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

বিশাল অঙ্কের অর্থের অফার দেখিয়েও মিশরের তারকা মোহাম্মদ সালাহকে রাজি করাতে পারেনি সৌদি ক্লাব আল-শাবাব। ক্লাবটির দেওয়া বছরে ২ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪৮ কোটি টাকা।

সৌদি আরবের ক্লাব আল-শাবাবের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।

এদিকে বিশ্ব ফুটবলের তারকাদের দলে ভেড়াতে কোটি কোটি ইউরো খরচ করতে প্রস্তুত সৌদি আরবের ক্লাবগুলো। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের পর এবার তাদের নজর মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর দিকে। তবে বিপুল অর্থের প্রস্তাবেও মন গলেনি এই ফরোয়ার্ডের। 

তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে ‘আফ্রিকাফুট’ জানিয়েছে, সালাহকে সৌদি প্রো লিগে নিতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল আল-শাবাব। প্রস্তাবে বছরে ২ কোটি ৫০ লাখ ইউরো (৩৪৮ কোটি টাকা) নিশ্চিত বেতনের প্রলোভন দেখানো হয়েছিল তাকে। তবে সেই প্রস্তাবে রাজি হননি সালাহ।

প্রতিবেদন অনুযায়ী, আপাতত নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার পরিকল্পনা নেই সালাহর। নিজের বর্তমান ক্লাব ট্রাবজনস্পোরেই থাকতে চান তিনি। শুধু তা-ই নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর এজেন্ট রামি আব্বাসকেও নতুন কোনো দলবদলের প্রস্তাব তার কাছে না পাঠানোর নির্দেশ দিয়েছেন এই ফরোয়ার্ড।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ১০ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল। অর্থাৎ, মাত্র ১৩ ম্যাচেই ১৫ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এমন পারফরম্যান্সের কারণে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবের আগ্রহ বেড়েছে তাকে ঘিরে।

ট্রাবজনস্পোরের সঙ্গে সালাহর বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। তার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ ইউরো।

এদিকে, উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব ফ্রাইবুর্গের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাবজনস্পোরের। সে ম্যাচকে সামনে রেখেই ক্লাবের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন সালাহ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন