স্ট্রোকে আক্রান্ত বম নারীকে দুর্গম পাহাড় থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:২৬ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকা থেকে স্ট্রোকে আক্রান্ত এক বম নারীকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোয়াংছড়ির প্রত্যন্ত এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪) আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।

এ অবস্থায় মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয়। বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্গম পার্বত্য এলাকা থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করে।

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর