চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। সমগ্র নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কিছু প্রাথমিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। নির্বাচন শুরু হওয়ার পর তা ধাপে ধাপে শেষ করতে নির্দিষ্ট সময় লাগবে। তবে গুঞ্জন থাকলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমান সরকারের উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা নেই।
সাংবাদিকদের কারাবাস ও আইনি প্রক্রিয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে যে সমস্ত সাংবাদিক জেলে আছেন, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও ভয়াবহ বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি আশ্বস্ত করেন যে, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে বিষয়ে প্রশাসন অত্যন্ত সচেষ্ট।
স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এ বছর ডেঙ্গুর প্রকোপ খুব একটা বাড়বে না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তিনি জনগণকে সচেতন থাকার এবং মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
হামের টিকাদান কর্মসূচি নিয়ে উপদেষ্টা বলেন, দেশে ইতোমধ্যে প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হবে। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশুর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, টিকার কোনো সংকট হবে না এবং শিশু মৃত্যুর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এছাড়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে দেশে এখনও জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে এবং সরকার তা মোকাবিলায় কাজ করছে।
