স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন, শারীরিক জটিলতা নেই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তার এ পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।

তবে রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কোনো শারীরিক অসুস্থতার কারণে নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই ঢাকার একটি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তার শারীরিক কোনো জটিলতা নেই এবং রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আশা করা হচ্ছে।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। হাসপাতালটির কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ফজলে রাব্বি খান জানান, নিয়মিত কার্ডিয়াক চেকআপের অংশ হিসেবে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হন। পরে দুপুরে তার এনজিওগ্রাম করা হয়। তিনি বলেন, অনেক দিন ধরেই স্যার এনজিওগ্রাম করাবেন বলে ভাবছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে করা হয়নি। আজ করেছেন। এটি নিয়মিত চেকআপের অংশ। বর্তমানে তিনি হাসপাতালেই ভর্তি আছেন এবং ভালো আছেন।

এনজিওগ্রামের পরবর্তী চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডা. ফজলে রাব্বি বলেন, পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চিকিৎসকেরা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।