সারা দেশে উদ্বেগজনক হারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ থেকে ১৮ জেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দিনব্যাপী। এসময় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।
বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরসহ ১৮ জেলার ৩০ উপজেলাকে এই বিশেষ কার্যক্রম নির্বাচিত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেখানেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সকল শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে যেসব শিশু অসুস্থ শুধুমাত্র তারাই ভিটামিন-এ ক্যাপসুল পাবে।
আগে টিকা নেওয়া থাকলে আবারও দেওয়া যাবে কি না অভিভাবকেদের এমন প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, যারা ইতোপূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।
