হিরোশিমা পিস মিউজিয়াম পরিদর্শন করলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ মে ২০২৬, ১১:৩৮ এএম

জাপান সফররত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি আজ বুধবার (৬ মে) হিরোশিমা শহরের ঐতিহাসিক পিস পার্ক ও পিস মেমোরিয়াল মিউজিয়াম পরিদর্শন করেছেন। এ সময় তিনি পারমাণবিক বোমার ভয়াবহ স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন এবং মানবতার কল্যাণে বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করেন। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে হিরোশিমায় ‘লিটল বয়’ এবং তার তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাট ম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। সেই বিভীষিকাময় হামলায় ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যেই হিরোশিমায় প্রায় ১,৪০,০০০ এবং নাগাসাকিতে প্রায় ৭৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরবর্তী সময়ে তেজস্ক্রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে আরও প্রায় ২,১৪,০০০ মানুষের মৃত্যু হয়।

বর্তমানে ২০২৬ সালেও হিরোশিমা শহর সেই বেদনাদায়ক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে। পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা সেই ভবনটির ভগ্নাবশেষ দেখেন, যার ওপর সরাসরি বোমাটি নিক্ষেপ করা হয়েছিল। ইতিহাসের সাক্ষী হিসেবে ভবনটি আজও সংরক্ষিত রয়েছে। জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী দেখে তিনি পারমাণবিক যুদ্ধের বিধ্বংসী প্রভাব সম্পর্কে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এই পরিদর্শনকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি। এছাড়াও হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষকবৃন্দ এবং সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন