২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ এএম

একদম শৈশব থেকেই শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্ব ফুটবলের তারকা হয়ে ওঠার পরও ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার সঙ্গী ছিল নাইকি। তবে দুই দশকের সম্পর্কের ইতি টেনে এবার নতুন অধ্যায়ে পা রেখেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছেন তিনি। নতুন চুক্তির ঘোষণার পর পুরোনো স্পন্সরকে আবেগঘন বার্তায় ধন্যবাদ জানিয়েছেন এমবাপ্পে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ২৭ বছর বয়সী এই তারকা স্মরণ করেছেন নাইকির সঙ্গে কাটানো দুই দশকের কথা। জানিয়েছেন, মাত্র ৭ বছর বয়সে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। এরপর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে পাশে পেয়েছেন প্রতিষ্ঠানটিকে। এমবাপ্পে লিখেছেন, ‘কিছু সিদ্ধান্ত কঠিন হয়। নাইকি আমার শৈশব থেকেই জীবনের অংশ। এই গল্প যখন শুরু হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র সাত বছর।’

দুই দশকের এই সম্পর্ককে কেবল স্পন্সরশিপ হিসেবে দেখেন না এমবাপ্পে। তার কাছে এটি নিজের বেড়ে ওঠা ও স্বপ্নপূরণের যাত্রারও অংশ, ‘২০ বছর ধরে নাইকি আমার জীবনের প্রতিটি ধাপে পাশে ছিল। আমরা এমন বুট তৈরি করেছি, যেগুলো আমার গল্প, স্বপ্ন আর শিকড়ের কথা বলত। সবচেয়ে গর্বের বিষয়গুলোর একটি হলো, সেই বুট লাখো শিশুর পায়ে দেখেছি। কারণ, তাদের মধ্যে আমি প্রায়ই নিজের ছোটবেলার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছি।’

নাইকির সঙ্গে সম্পর্ক শেষ হলেও ক্রীড়াসামগ্রীর জগৎ থেকে দূরে যাচ্ছেন না এমবাপে। বরং অনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ফুটবলের নতুন পণ্য তৈরিতে ভূমিকা রাখবেন তিনি। প্রতিষ্ঠানটির বৈশ্বিক দূত হওয়ার পাশাপাশি অনের শেয়ারহোল্ডারও হয়েছেন ফরাসি তারকা।

অনের সঙ্গে নতুন পথচলা নিয়ে এমবাপের প্রত্যাশা, ‘এখন আমার গল্পের নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। নাইকির সঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আর অনের সঙ্গে সামনে কাজ করা হবে, তা নিয়ে রোমাঞ্চিত।’
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন