৪ ওভার বল করে উইকেটশূন্য মিরাজ, গায়ানার বিদায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

শিমরন হেটমায়ারের দুর্দান্ত শতক সত্ত্বেও শিরোপা স্বপ্ন ভেঙে গেল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। মাআজ সদাকাত, কার্ক ম্যাকেঞ্জি, কিচি কার্টি এবং রোভম্যান পাওয়েলের সম্মিলিত নৈপুণ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় তুলে নিয়ে সিপিএলের ফাইনালে পৌঁছেছে জ্যামাইকা কিংসম্যান। ব্রিজটাউনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রোমাঞ্চকর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা গায়ানাকে।

২০৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকাকে দারুণ সূচনা এনে দেন মাআজ সদাকাত ও কার্ক ম্যাকেঞ্জি। উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে তারা তোলেন ৪২ রান। এরপর ম্যাকেঞ্জির সঙ্গে জুটি গড়েন কিচি কার্টি। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৪৮ রান। কার্টি একদিকে ইনিংস ধরে রাখেন, অন্যপ্রান্তে সাইম আইয়ুব (৬২ রানের জুটি) ও রোভম্যান পাওয়েল দ্রুত রান তুলে জ্যামাইকাকে জয়ের বন্দরে নিয়ে যান।

শেষ দিকে ম্যাচের সব আলো কেড়ে নেন কিংসম্যান অধিনায়ক রোভম্যান পাওয়েল। জয়ের জন্য যখন ২৯ বলে ৫৫ রান প্রয়োজন, তখন উইকেটে আসেন তিনি। ক্যারি পিয়েরে ও শামার জোসেফের ওভারে পরপর ছক্কা হাঁকিয়ে ম্যাচ একাই গায়ানার হাত থেকে ছিনিয়ে নেন পাওয়েল। মাত্র ১৭ বলে ৪০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৪০ বলে ৫৬ রান করা কার্টির মূল্যবান অবদান এবং পাওয়েলের তাণ্ডবে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা। যৌথভাবে ম্যাচসেরা হন পাওয়েল ও হেটমায়ার।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়েছিল গায়ানা। দলীয় সংগ্রহে বড় রান আসার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও মাভেন্দ্র দিনদিয়াল। তবে তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ান শিমরন হেটমায়ার। দুজনে মিলে গড়েন ৯৬ রানের শক্ত জুটি, যেখানে হোপের অবদান ছিল ২৭ বলে ৩৮ রান।

হোপ বিদায় নিলেও অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান হেটমায়ার। কোয়েন্টিন স্যাম্পসনকে (১৭ বলে ২৯) সঙ্গে নিয়ে গড়েন আরও ৬৫ রানের জুটি। ইনিংসের শেষ বলে আন্দ্রে রাসেলকে চার মেরে ৪৫ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন এই ক্যারিবীয় ব্যাটার। ৮টি ছক্কা ও চারে সাজানো হেটমায়ারের ১০২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২০৬ রানের পুঁজি পায় গায়ানা। টুর্নামেন্টে এটি হেটমায়ারের দ্বিতীয় শতক।

গায়ানার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ বল হাতে ছিলেন ব্যর্থ। ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। তার ব্যর্থতার দিনে দলও বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। 

অভিষেক মৌসুমেই দ্যুতি ছড়িয়ে রোববার ফাইনালে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকন্সের মুখোমুখি হবে জ্যামাইকা কিংসম্যান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন