দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, শিল্পায়ন সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সারা দেশে একযোগে ৫১১ শিল্প উদ্যোক্তার মাঝে মোট ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে বিসিক ভবনের কনফারেন্স রুমে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিসিক বিগত সময়ে যা করেছে আশা করছি আগামী পাঁচ বছরের কাজ তার ৫৫ বছরের অর্জনকে ম্লান করে দেবে, ইনশাআল্লাহ। বিসিক বর্তমানে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারে। ২ লাখ টাকার বেশি হলে জামানত দিতে হয়। জেলা পর্যায়ে ঋণের পরিমাণ ৫ লাখ টাকা এবং এর ঊর্ধ্বে বিসিক ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। আগামী দিনে পর্যালোচনা করে দেখা হবে, জামানতবিহীন ঋণের পরিমাণ কতটুকু বৃদ্ধি করা যায়। ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি, যা প্রমাণ করে ঋণগ্রহীতা হিসেবে আপনারা ভালো উদ্যোক্তা।’
তিনি আরও বলেন, ‘এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া কারও একার কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, যেন এই দেশটাকে আমরা একটি সুন্দর ও বাসযোগ্য দেশে পরিণত করতে পারি।’
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ‘বিসিক দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী বিস্তৃত ১৯৩টি কার্যালয়ের মাধ্যমে বিসিক সরাসরি উদ্যোক্তাদের ঋণ প্রদান, প্রশিক্ষণ, পণ্যের বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণে সহায়তা করছে। আজকের কর্মসূচিতে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে অর্ধেকের বেশি নতুন উদ্যোক্তা, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগের দ্বার উন্মোচন করবে। বিসিক শুধু উদ্যোক্তা সৃষ্টি করে না, বরং তাঁদের দক্ষতা উন্নয়ন ও টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতেও সহায়তা করে।’
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সার্বিক দিকনির্দেশনায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা, এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তার মাঝে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তার মাঝে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। নারী উদ্যোক্তাদের মাঝে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের মাঝে ৭ কোটি ৬৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আঞ্চলিক কার্যালয়ভিত্তিক ঋণ বিতরণের তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলে ১৮১ জন উদ্যোক্তার মাঝে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রাম অঞ্চলে ৮৯ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহী অঞ্চলে ১১৮ জন উদ্যোক্তার মাঝে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনা অঞ্চলে ১২৩ জন উদ্যোক্তার মাঝে ৩ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেকট্রনিকস এবং সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পে ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পে ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধার আওতায় এসেছেন।
বিসিক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দারিদ্র্য বিমোচন, আঞ্চলিক ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ তিনটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে।
ভবিষ্যতে ঋণ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বিসিক আগামী পাঁচ বছরে চলমান তিনটি ঋণ কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুকরণ এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে।
বিসিকের এ ঋণ বিতরণ উদ্যোগ দেশের সিএমএসএমই খাতকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
