সামাজিক যোগাযোগমাধ্যমে আগামীকাল রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি কি না, তা নিয়ে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। তবে গুঞ্জনের মধ্যে জানা গেছে, দিনটি সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
ফলে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
নিয়ম অনুযায়ী, সাধারণ সরকারি ছুটি না হলেও হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা উদ্যাপন করা হয়। এদিন মা কালী বা শ্যামা মায়ের আরাধনায় মন্দির ও পূজামণ্ডপে নানা আয়োজন থাকবে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আদালতের জন্য ৮ নভেম্বর কোনো সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। ফলে এসব প্রতিষ্ঠানে দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবেই গণ্য হবে।
মূলত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি এবং পরদিন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্যামাপূজার ছুটি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ নভেম্বরও সরকারি ছুটি থাকার গুঞ্জন ছড়িয়েছে।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর সাধারণ ছুটি হলেও ৮ নভেম্বর সবার জন্য সরকারি ছুটি নয়।
