প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে রংপুর চেম্বারের অর্থ প্রদান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলার বানভাসী মানুষের সাহায্যার্থে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় রংপুর চেম্বারের পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।

চেম্বার নেতৃবৃন্দ বলেন, মানুষ মানুষেরই জন্য। এই মুহূর্তে সারা দেশ বন্যায় ভাসছে। বানভাসী লাখো মানুষ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে, দেখা দিয়েছে এক হৃদয়বিদারক দৃশ্য। তাই রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলী সব ভেদাভেদ ভুলে গিয়ে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা প্রদানের জন্য সর্বস্তরের ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন