ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৬:৩৮ এএম

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি নামক স্থানে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ‘মরদেহগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর