ঈদ পরবর্তী বিশেষ অভিযান চালাবে ডিবি: রেজাউল করিম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৬:৪৪ এএম

ঈদ পরবর্তী রাজধানীতে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

রেজাউল করিম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ডিবি পাশে রয়েছে। মহানগরীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ৬৭৭টি টিম টহল দিচ্ছে এবং ৭১টি চেকপোস্ট বসানো হয়েছে।’

অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘ঈদ উপলক্ষে মার্কেট, বাস, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা দেয়া হচ্ছে। ডিবির সাইবার টিম যেকোনো অপপ্রচার রোধে সতর্ক।’

ছোট-বড় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে ডিবি জিরো টলারেন্স উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় হয়েছে। ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে।’

বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়ে তিনি বলেন, ‘জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরইমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে।’

ঢাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ডিবি তৎপর রয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর