সেপ্টেম্বর থেকে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে বিক্রয় কেন্দ্রগুলোতে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রতি কর্মদিবসের প্রতিটি উপজেলার বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে সারা দেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) ওএমএস কার্যক্রম চলছে।

টিসিবির তথ্য অনুসারে, বর্তমানে রাজধানীসহ বিভিন্ন বাজারে প্রতিকেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি। সে হিসেবে প্রতি কেজি আটায় ২০ টাকা সাশ্রয় হবে। বর্তমানে ওএমএসের পাশাপাশি টিসিবির মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় ৩০ টাকা কেজির দরে ৫ কেজি করে চাল বিক্রি করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন