‘দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ এএম

মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি
মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেন তিনি। মিজানুর রহমান আজহারী ফেসবুক বার্তায় লেখেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’

পোস্টটি শেয়ার করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার নেটিজেন এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।এর আগে আজ সকাল ১০টার দিকে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এসে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান গণঅভ্যর্থনা স্থলের দিকে রওনা দিলেও ডা. জুবাইদা ও জাইমা রহমান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টার আগেই গুলশানের বাসায় পৌঁছান।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর