ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পূর্ণরূপে চালুর আশ্বাস প্রণয় ভার্মার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলেই বাংলাদেশে থাকা সব ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) পূর্ণরূপে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২২ ডিসেম্বর) যমুনা ফিউচার পার্কে আইভ্যাক পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

হাইকমিশন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে ঢাকার কেন্দ্র একদিন বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হয়েছে। সেই দিন অ্যাপয়েন্টমেন্ট থাকা আবেদনকারীদের অগ্রাধিকারে বিকল্প তারিখে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, মানবিক কারণে চিকিৎসা ও জরুরি ভিসাসেবা অব্যাহত রাখা হবে। ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম চলছে, তবে চট্টগ্রামের কেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে। ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে সহকারী হাইকমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের কারণে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়।

পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, জাল নথি জমা পড়া এবং দালাল ও মধ্যস্বত্বভোগীদের হ্যাকিং চেষ্টা প্রকৃত আবেদনকারীদের বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত করছে। হাইকমিশনার আশ্বাস দেন, এই বিষয়গুলো বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং আবেদনকারীদের বৈধ প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেন।

হাইকমিশন জানায়, নিরাপত্তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে সব ভিসাকেন্দ্র পূর্ণরূপে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।