বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার রাতে রাজধানী গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে তারা স্বাক্ষর করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্র জানায়, এদিন বেগম জিয়ার মৃত্যুর পর শোকবই খোলা হলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দল এতে স্বাক্ষর শুরু করেন। বিকাল তিনটা থেকে এই শোকবইয়ে এখন পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছেন চীন, ভারত, পাকিস্তান জার্মান, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার,ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেনসহ, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮টি দেশের কূটনীতিকরা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে তিন দিনের (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল বুধবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
