ঢাকাসহ সারা দেশের ৫ দিনের আবহাওয়া পরিস্থিতি জানাল অধিদপ্তর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে কুয়াশাপ্রবণ আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রার সামান্য ওঠানামার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। কোথাও কোথাও কুয়াশার কারণে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের বহু স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে শীতের অনুভূতিও বজায় থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়েও যোগাযোগব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আগামী ১, ২ ও ৩ জানুয়ারি পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়েও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। তাপমাত্রা সামগ্রিকভাবে সামান্য বাড়তে পারে, যদিও ২ ও ৩ জানুয়ারি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর