
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১, ২ ও ৩ সংসদীয় আসনে বিএনপি ঘরানার হেভিওয়েট প্রার্থী ও সিলভার লাইন গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে বাগেরহাটের প্রধান রিটার্নিং কর্মকর্তা তাঁর আবেদনগুলো বৈধ বলে নিশ্চিত করেন।
সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ২০০১ সালের নির্বাচনে শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে আলোচনায় আসেন। দীর্ঘ বিরতির পর রাজনীতিতে তাঁর এই শক্তিশালী প্রত্যাবর্তনে বাগেরহাটে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রাজনীতি আমার কাছে নিছক সেবা। আমি আমার অভিজ্ঞতা দিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষা-স্বাস্থ্যের আধুনিকায়নে কাজ করতে চাই।”
সংসদ সদস্য থাকাকালীন মুনিগঞ্জ সেতু ও শহররক্ষা বাঁধসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগর এমএএইচ সেলিমকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাঁর এই অংশগ্রহণ বাগেরহাটের নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
