এনইআইআর নিয়ে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা নিয়ে মোবাইল ব্যবসায়ীদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা গ্রহণ করার জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, এনইআইআর-সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধু বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অননুমোদিত কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা গ্রহণে কোনো রকম ফি প্রদান করবেন না। বিনামূল্যে এনইআইআর-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন