তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের দুর্বলতা: শামীম পাটোয়ারী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলে। এখন দেশ দুইভাগে বিভক্ত; একটি ৭১-এর পক্ষে, অপরটি বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, তিনি আরও বলেন, মব আর নির্বাচন একসাথে চলতে পারে না। তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের দুর্বলতা।

তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো আসল আমেজ নেই। কারো মুখে হাসি নেই। আমরা হাসিহীন একটা নির্বাচন করছি। জনসংখ্যার বড় একটি অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে এ ধরনের দ্বিধা-দ্বন্দ সৃষ্টি হয়, যা আমরা ২০১৪ সালে দেখেছি। তবে আমরা মনে করি, ২০১৪ সালের তুলনায় এবারের নির্বাচন ভালো হবে।

ব্যারিস্টার শামীম সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার উন্নয়নের ভাবনাগুলো তুলে ধরবেন। আমার সৃষ্টিশীল কাজ মিডিয়ার মাধ্যমে হয়েছে, তাই মিডিয়ার গুরুত্ব আমি বুঝি। নির্বাচিত হলে চরাঞ্চল ফাউন্ডেশন গঠন ও বালাশী-বাহাদুরাবাদ সেতু নির্মাণে অগ্রণী ভূমিকা রাখব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।

এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ফুলছড়ি হাটে গণসংযোগ করেন এবং উপজেলা হেলিপ্যাড মাঠে কর্মীসভায় যোগ দেন। কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর