কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে এনসিপির গণভোট প্রার্থী সুফিয়ান রায়হান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ২৩৮টি সংসদীয় আসনে গণভোটের প্রচারণার লক্ষ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার রাতে ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ঘোষিত প্রার্থীরা নিজ নিজ সংসদীয় এলাকায় গণভোটের প্রচারণা চালাবেন এবং ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে সাংগঠনিকভাবে কাজ করবেন। এই ধারাবাহিকতায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে এনসিপির গণভোট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সুফিয়ান রায়হান। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া উপকমিটির প্রধান এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।

সুফিয়ান রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের সন্তান। তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এগারো দলীয় জোট ‘ঐকবদ্ধ বাংলাদেশ’-এর স্থানীয় নেতারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার ও সদস্য খালেদ রায়হান জানান, খুব শিগগিরই কুমিল্লা-১১ আসনে গণভোটের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উপজেলার প্রতিটি গ্রামে গিয়ে ঘরে ঘরে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুফিয়ান রায়হান বলেন, আলহামদুলিল্লাহ, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। চৌদ্দগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষার মূল্য দিতে চাই। এই গণভোট জুলাইয়ের শহীদদের মর্যাদা প্রতিষ্ঠার গণভোট। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সে লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন চৌদ্দগ্রামের মানুষ ন্যায়ের পক্ষে রায় দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর