শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর একজন রাজনৈতিক কর্মী নিহত হওয়াকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রাণহানির ঘটনা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক বলে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় সরকার সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সমর্থকদের মধ্যে সংযম বজায় রাখাটাই এখন অগ্রাধিকার হওয়া উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, হুমকি-ভীতি ও প্রাণহানির কোনো স্থান নেই।
শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, সবাইকে আইনানুগভাবে দণ্ডিত করা হবে। পাশাপাশি জেলায় নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে।
সরকার সকল রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী কার্যক্রমে যুক্তদের প্রতি শান্তি রক্ষা, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ভোটারদের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক মূল্যবোধই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করবে।
অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যে, আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু।
