কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তার জীবনের শেষ নির্বাচন হিসেবে ভোট চাইছেন। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, নির্বাচন কোনো নবীনবরণ বা বিদায় অনুষ্ঠানের নাম নয়। এখানে একজনকে বরণ করে নেব আর আরেকজনকে বিদায় দেব, এ ধরনের আয়োজনের নাম কি নির্বাচন? নির্বাচন কি কোনো আবেগের নাম? এটা কি শেষ বিদায়ের কোনো নাটক?’
সোমবার (২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের টিকাপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচন হচ্ছে একটি বাস্তবমুখী পদক্ষেপ। এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের ভবিষ্যৎ রচিত হবে। ইনশাআল্লাহ, একটি উন্নত, সমৃদ্ধ, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত ও টেন্ডার-দখলবাজমুক্ত ঠাকুরগাঁও গড়ে তোলা হবে।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আবেগ দিয়ে কখনো মানুষকে প্রতারিত করতে পারি না। যখন আপনাদের ক্ষমতা ছিল, যখন এমপি-মন্ত্রী ছিলেন, তখন ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য কী করেছেন তা আগে বলুন। আমি মানুষের সেবা করতে চাই, আবেগ দিয়ে নয়, কাজকে বাস্তবে রূপ দিতে চাই।’
নিজের ওপর নির্যাতনের কথা তুলে ধরে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘আমি একজন নির্যাতিত মানুষ। একটা সময় যখন আপনাদের কাছে দেলোয়ারের নির্যাতনের খবর আসত, তখন আপনারা আমার জন্য দোয়া করেছেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করে যাব।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের এবার ঠিক করতে হবে, আপনারা কি চাঁদাবাজির পক্ষে থাকবেন, নাকি চাঁদাবাজমুক্ত সমাজ গড়বেন।’
দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, ‘মিথ্যা প্রচারণার মধ্য দিয়ে মানবিক নেতার নামে অপপ্রচার চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব অপপ্রচারকারীদের খুঁজে বের করা হবে।’
