‘সংখ্যালঘু’ শব্দটি মুছে যাবে অভিধান থেকে: সাবরিনা বিনতে আহমেদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ এএম

গ্রামের মাটির উঠানে জমে ওঠা মানুষের ভিড়। চোখে প্রত্যাশা, মুখে পরিবর্তনের আকাঙ্ক্ষা। এমন আবহে মুকসুদপুর উপজেলার তারাইল মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ।

কথার শুরুতেই তিনি সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “এই দেশে কেউ সংখ্যালঘু নয়। সবাই সমান অধিকার ও মর্যাদার নাগরিক। বিএনপি সরকার গঠন করলে ডিকশনারি থেকেই ‘সংখ্যালঘু’ শব্দটি মুছে যাবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোই হবে ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি।

তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নারীদের ভূমিকা হবে অগ্রণী ও ঐতিহাসিক।

অনুষ্ঠানজুড়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে নারীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এ সময় উপস্থিত অনেকেই পরিবর্তনের এই আহ্বানে সাড়া দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়তে সেলিমুজ্জামান সেলিমকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর