আমরা আর ব্যর্থ হতে চাই না, এবারের নির্বাচন হবে সিরাতল মুস্তাকিম: ডিসি সাইফুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ এএম

বিগত নির্বাচনগুলো সম্পর্কে মোটামুটি সবারেই অভিজ্ঞতা ছিলো। যেখানে কিছু খারাপ অভিজ্ঞতা ছিলো, আবার কিছু ভালো অভিজ্ঞতাও ছিলো। কিন্তু এবারের নির্বাচনে খারাপ অভিজ্ঞতাগুলো ফেলে দিতে হবে, সেগুলো মনে করা যাবে না। আর যদি এবার কেউ সেগুলো মনে করে যে দুপুর বেলায় এই করেছি এবং আগের রাতে সেই করেছি। তাহলে তারা দায়িত্ব থেকে সরে যান। কারণ এবারের নির্বাচন হবে সিরাতল মুস্তাকিম (সঠিক পথে) এভাবেই কথাগুলো বলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

তিনি আরও বলেন, আমরা অনেকবার ব্যর্থ হয়েছি, আর ব্যর্থ হতে চাই না। যারা এবার ব্যর্থ হতে চান দয়া করে তারা দায়িত্ব থেকে নিজের নামটা কেটে দেন। কিন্তু আমরা যদি দেখতে পাই আপনারা পেশাদারিত্বে বেইমানী করছেন, তাহলে আপনাদের সবচেয়ে দুর্ভোগের কারণ হয়ে যাবো আমরা। সমস্ত শোকজ ও সাসপেনশন লেটার তৈরী করা আছে, শুধুমাত্র নামটা লেখার বাকী আছে। সেটা লিখে দিয়েই সাসপেন্ড করে দিবো। সেটা লিখতে ৫ মিনিটও সময় লাগবে না আমাদের। সুতরাং আমরা এমন শোকজ ও সাসপেনশন করতে চাই না, যদি আপনারা সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্ল্যাহ্ আল- মোতাহ্সিম, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী র্রিটার্নিং অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ প্রমুখ।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনী নিয়োজিত থাকবে। এবার ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। তাই যদি কোন দুষ্কৃতকারি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাকে মুহুর্তেই অ্যাপস ও সিসিটিভির ফুটেজ দেখে শাস্তির আওতায় আনা হবে। এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন