বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে : মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইবার আক্রমণে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন। জামায়াত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি নেবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবেন না।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করা হবে। ভূমি অফিস কিংবা থানায় কোনো সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হবে না। শিক্ষা ব্যবস্থা নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন