কাল থেকে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র সংকট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি অংশে বৃহস্পতিবার ও শুক্রবার টানা ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। শীতলক্ষ্যা নদীর তলদেশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন মেরামত ও আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার এক সংবাদ তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সময়ের মধ্যে সমগ্র নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ সদর, জিনজিরা এবং শ্যামপুর (বিসিক) এলাকায় সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) জন্য গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া উল্লিখিত এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদমজী ইপিজেডের ভেতর থাকা ২০ ইঞ্চি ব্যাসের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদী অতিক্রমণকারী পাইপলাইনটি প্রতিস্থাপনের কাজ জরুরি হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই এই সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন