হাদি হত্যার তদন্তে জাতিসংঘে ৮ ফেব্রুয়ারি চিঠি পাঠাবে সরকার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইনকিলাব মঞ্চের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে সরকার পুনর্ব্যক্ত করে যে, শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের যমুনার সামনে দাবি তোলেন, হাদি হত্যার বিচার করতে হবে এবং এই মামলার তদন্ত জাতিসংঘের অধীনে হতে হবে। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতেরও দাবি জানান। হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন