শান্তিপূর্ণ-উৎসবমুখর ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

শান্তিপূর্ণ-উৎসবমুখর ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যেন ভোটগ্রহণ হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচন উপলক্ষে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্রই থ্রেট উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে বিভিন্নভাবে অস্ত্র দেশে ঢুকছে। তবে সেটা মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ পর্যন্ত কতগুলো বৈধ অস্ত্র জমা পড়েছে এবং কতগুলো জমা দেওয়া হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। জমা না দেওয়ার সংখ্যা বেশি নয়। অনেকে হয়তো দেশে লকারে তালা মেরে রেখে বিদেশে আছেন। তাদের বৈধ অস্ত্রগুলো হয়তো জমা পড়েনি, তবে সে সংখ্যা খুবই কম।

নিরাপত্তা ব্যবস্থা তিন ধরনের হবে উল্লেখ করে আইজিপি বলেন, এবার নিরাপত্তার রক্ষায় প্রযুক্তির ব্যবহারে উদ্যোগের পাশাপাশি ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার থাকছে বলে জানান তিনি। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন