বর্তমান উপদেষ্টা পরিষদের মেয়াদ আর কত দিন?

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে যাচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফলে বর্তমান উপদেষ্টা পরিষদের মেয়াদ আর কতদিন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে কোনও উপদেষ্টা থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগ পর্যন্ত উপদেষ্টারা সরকারি দায়িত্ব পালন করবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেয়া হয়েছে।
 
নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন