অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নির্বাচন, অর্থনীতি ও শপথ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেছেন, উপদেষ্টারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। শপথের দিন তারা থাকবেন। অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব।
শফিকুল আলম জানান, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথসহ সব পর্যবেক্ষক দল নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে। বৈঠকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে।
এই নির্বাচন অনেক দিক দিয়েই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সবচেয়ে কম সহিংসতা হয়েছে। প্রেস সচিব জানান, ১৯৯১ সালের নির্বাচনে ৮৭টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলেও এবার তা ছিল খুবই নগণ্য। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, চারজনের মৃত্যুর খবর এলেও প্রকৃত নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে।
প্রেস সচিব দাবি করেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। এটি প্রথম নির্বাচন, যার পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার খবর পাওয়া যায়নি।
শপথ অনুষ্ঠান প্রসঙ্গে শফিকুল আলম জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন এবং অনুষ্ঠান শেষে পতাকা ছাড়া গাড়িতে নিজ নিজ বাসায় ফিরবেন বলে জানান তিনি। সার্কভুক্ত সাতটি দেশ ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন প্রেস সচিব।
উপদেষ্টাদের দেশত্যাগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, উপদেষ্টারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। শপথের দিন তারা থাকবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ডায়েরিতে অবসর বলে কিছু নেই। তিনি একজন গর্বিত বাংলাদেশি।
অর্থনীতির চিত্র তুলে ধরে প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যে রিজার্ভ রেখে যাচ্ছি, তাতে ছয় মাসের খাদ্য আমদানি সম্ভব।
শফিকুল আলম আরও জানান, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি এবং ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি স্থিতিশীল পর্যায়ে আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল সরকার। সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে, বলে জানান প্রেস সচিব।
