ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং-এর মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফয়সাল মাহমুদ ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগপ্রাপ্ত হন। ফ্রিল্যান্স সাংবাদিক ফয়সাল মাহমুদ এই পদে সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার চুক্তি অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
তবে, প্রজ্ঞাপনে চুক্তি বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।
ফয়সাল মাহমুদের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি আল জাজিরা, নিক্কেই এশিয়া, টিআরটি ওয়ার্ল্ড, এশিয়া টাইমস, ভাইস নিউজ, ভয়েস অব আমেরিকা এবং দ্য ওয়্যারসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর বাংলাদেশ প্রতিনিধি ছিলেন।
