গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে প্রায় চার শ অপরাধমূলক ঘটনা ঘটেছে। বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়া নির্বাচনকে শান্তিপূর্ণ বলছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। তবে, নির্বাচনের পরে কিছু সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনকেন্দ্রীক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে পৃথক দুই প্রতিবেদনের লিখিত বক্তব্য তুলে ধরেন এইচআরএসএস’র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম।
প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত-সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও সারা দেশের বেশিরভাগ জেলায় নির্বাচনের দিনে ৩৯৩টি অপরাধমূলক ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪৯টি কেন্দ্রভিত্তিক বিশৃঙ্খলা, সমর্থকদের মধ্যে সংঘর্ষের ১০৫টি, ব্যালট স্টাফিংয়ের ৫৯ অভিযোগ, পোলিং এজেন্ট অপসারণ সংক্রান্ত ১৯ অভিযোগ, নির্বাচনী কর্মকর্তার গাফিলতি সংক্রান্ত ১৩টি অভিযোগ, ভোটারদের বাধা দেওয়ার ১৮টি অভিযোগ, প্রার্থীর ওপর ৬টি হামলা, ব্যালটবক্স ছিনতাইয়ের ৩টি, অগ্নিসংযোগের ২টি এবং অন্যান্য অনিয়মের ৩১ অভিযোগের তথ্য তুলে ধরে এইচআরএসএস।
এ ছাড়া ভোটের দিন সংঘর্ষে মোট ১৪৫ জন আহত, সংবাদ সংগ্রহে গিয়ে ৫ সাংবাদিক আহত হওয়াসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে ৬৪টি এআই দিয়ে অপতথ্য ছড়ানো হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিগত সাড়ে ৪ মাস সারা দেশে সাত শতাধিক সহিংসতায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১০ জন নিহত ও ২ হাজার ৫০৩ জনের বেশি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছে। এ ছাড়া এ সময়ে নির্বাচনী সহিংসতায় ৩৪ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনকেন্দ্রীক অন্তত ২৫৪টি সহিংসতার ঘটনায় ৫ জন নিহত এবং ১ হাজার ৬৫০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ২৪ জন।
প্রতিবেদনের নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্যে বলা হয়েছে, নির্বাচন ও গণভোট সম্পন্ন হবার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক ৩টি ঘটনায় মুন্সীগঞ্জ ও বাগেরহাটের দুই যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন।
বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত ৩০ জেলায় দুই শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনে নারী সহিংসতা, হামলা, হেনস্থা, লাঞ্ছিতের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, তফসিল ঘোষণার পর থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৩২টি ঘটনায় কমপক্ষে ৪৫ জন নারী হেনস্তার শিকার হয়েছেন এবং ২৩ জন নারী আহত হয়েছেন।
