‘প্রশাসনের সব কাজই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের’—নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এমন মন্তব্য করেছেন ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কর্মব্যস্ততা ও প্রস্তুতি সম্পর্কে ড. নাসিমুল গনি জানান, মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এরপরই বিকেলের দিকে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর ফলে তিনি এখন থেকে দেশের সিভিল প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়োগের আগে ড. নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
