নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সম্ভাব্য ৫০ জন সদস্যের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে জানানো হয়েছে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রিসভার সদস্যদের নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সর্বোচ্চ ৫০ জন সদস্যকে কেন্দ্র করেই প্রাথমিক নিরাপত্তা ছক ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সাজানো হয়েছে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫০ জনই থাকছে নাকি এর চেয়ে কিছুটা ছোট হচ্ছে, তা শপথ অনুষ্ঠানের পরই নিশ্চিত হওয়া যাবে।
নিরাপত্তা নিশ্চিতে চিঠির অনুলিপি ইতোমধ্যেই পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনারসহ (প্রতিরক্ষা) প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
