উপমন্ত্রী নেই তারেক রহমানের মন্ত্রিসভায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার মাধ্যমে পূর্ণতা পেল সংসদ ও মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিপরিষদে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৪৯ জন। তবে এই মন্ত্রিসভায় কাউকে উপমন্ত্রী হিসেবে রাখা হয়নি।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রীরা।

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন।

পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায়ও দুইজন উপমন্ত্রী নিয়োগ পান। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে আর কোনো উপমন্ত্রী ছিলেন না।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারে পুনরায় একজন উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করলেও কাউকে উপমন্ত্রী পদে রাখা হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও সেই ধারাবাহিকতা বজায় থাকল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন