বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম

অফিসিয়ালি শেষ হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ। দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না বলে ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে দেওয়া এক বিদায়ী পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেজটি থেকে দেওয়া শেষ পোস্টে দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, বিগত ১৮ মাসে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের গঠনমূলক সমালোচনা, সমর্থন ও সার্বিক সহযোগিতা আমাদের এই যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অফিশিয়াল পেজটি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নীতিনির্ধারণী তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছে।

বিগত দেড় বছরে এই পেজটি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। সরকারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই ডিজিটাল মাধ্যম থেকেও বিদায় নিচ্ছে এই প্ল্যাটফর্মটি। তবে পেজটি আর্কাইভ হিসেবে থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর