জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনে জীবনদানকারী শহীদদের মর্যাদা সংরক্ষণ ও তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইন মন্ত্রণালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণ অনেক আনন্দের। পাশাপাশি নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে। মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে দেখতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পর্কে এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা স্বাভাবিক গতিতে অব্যাহত থাকবে।
