সারা দেশে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভবনার কথা বলা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে বুলেটিনে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়,পূর্ব বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘচুাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘণীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
