সেবা ৩ হজ গাইডকে পুরস্কার দেবেন ধর্মমন্ত্রী কায়কোবাদ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

চলতি বছর (২০২৬) পবিত্র হজ ব্যবস্থাপনায় সর্বোত্তম সেবা প্রদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী হজ গাইডকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে হজযাত্রীদের ‘আল্লাহর মেহমান’ আখ্যা দিয়ে বলেন, তাঁদের খেদমত করা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। তিনি হজ গাইডদের নিজ মাতা-পিতার মতো হজযাত্রীদের সেবা করার নির্দেশ দেন। হজযাত্রীদের সেবা করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হজযাত্রীদের সঠিক সেবা না দিলে এবং তাদের কষ্ট দিলে আল্লাহর কাছ থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।

মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন আরও বলেন, বর্তমান সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয়, সে লক্ষ্যে সবাইকে আন্তরিক হতে হবে। তিনি হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন