দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে আসেন। এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। পরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই সশস্ত্র বাহিনী বিভাগে তার প্রথম অফিস কার্যক্রম। সেখানে পৌঁছে তিনি নিজ চেম্বারে বসেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দায়িত্ব পালন শুরু করেন।

দিনের কার্যসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এ সফর সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ধারাবাহিক অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
