ঢাকা-মালে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ১২ মার্চ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান এয়ারলাইন্স ঢাকায় তাদের সিটি কার্যালয় উদ্বোধন করেছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান অ্যাভিনিউয়ের তাজ ম্যারিয়ট ভবনের ঢাকা সিটি কার্যালয়ের উদ্বোধন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইব্রাহিম ইয়াস।

মালদিভিয়ান এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-মালে সরাসরি ফ্লাইট চালুর মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়া দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সহজ হবে। উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রাথমিক অবস্থায় সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার এই ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা থেকে শুরু। ফ্লাইটগুলো ভোরের দিকে ঢাকায় অবতরণ করবে, যাতে যাত্রীরা সহজেই আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ ফ্লাইট ধরতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে এই রুট পুনরায় চালু করা হয়েছে। রমজান শেষ পর্যায়ে ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এই সেবা চালু হচ্ছে। যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধা হয়।

যাত্রীরা ৩০ কেজি  ব্যাগেজ সুবিধা এবং বিনামূল্যে অনবোর্ড খাবার পাবেন। টিকিট বুকিং এখন মালদিভিয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১)-এর মাধ্যমে চালু রয়েছে।

রুট পুনরায় চালু উপলক্ষে ‘ঢাকা, উই হার্ড ইউ’ শিরোনামে একটি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি, যা আগামী শুক্রবার মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য আয়োজিত হবে বলে জানানো হয়।

বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজের মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ ও এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন