সার্ক প্রক্রিয়া পুনরুজ্জীবনে বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম

বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য অঢেল সমর্থন এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাতের সময় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকালে সার্ক সনদে বর্ণিত নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যার মধ্যে রয়েছে-সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক সুবিধা নিশ্চিত করা।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে ড. খলিলুর বলেন, সার্কের ধারণাটি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশ প্রথম প্রস্তাব করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই অঞ্চলের জনগণের কল্যাণ, জীবনযাত্রার মান উন্নত করা এবং সম্মিলিত স্বনির্ভরতা জোরদার করার জন্য তিনি সার্ক গঠনের প্রস্তাব করেন।

বাংলাদেশের অবদান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন এবং ১৯৯৩ ও ২০০৫ সালে দুবার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ। বিশেষ করে অভিন্ন আঞ্চলিক মূল্যবোধ গড়ে তোলা এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদারে বাংলাদেশের অবদান অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর