ঢাকা ও আগরতলার মধ্যে স্থগিত বাস পরিষেবা পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করা হয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ঢাকার উদ্দেশে একটি বাস ছেড়ে যায়। এরপর আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই রুটে আরেকটি বাস পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করে।
আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থা সূত্রে জানা গেছে, আপাতত দুই-তিন দিন এই পরীক্ষামূলক যাত্রা অব্যাহত থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন এই বাস সার্ভিস চালানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও কলকাতা-আগরতলা বাস পরিষেবা চালু থাকলেও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে তা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেখানে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কমেছে, যার ফলে এই পরিষেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার এক কর্তা মনোরঞ্জন দেবনাথ পিটিআইকে জানান, এই পরিষেবা পুনরায় চালুর জন্য নতুন করে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। কারণ, ২০০১ সালে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে এই বিষয়ে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা কখনো বাতিল হয়নি। সেই বিদ্যমান চুক্তির আওতাতেই এই বাস পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।
