পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি। ফলে পরবর্তী ডিএমপি কমিশনার কে হচ্ছেন তা নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে-বাইরে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ঘুরে বেড়াচ্ছে আলোচনায়।
জানা গেছে, আগামী ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই অব্যাহতির আবেদন করায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা তীব্র হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত সরদার নূরুল আমিনের নাম সম্ভাব্য ডিএমপি কমিশনার হিসেবে আলোচনায় রয়েছে। তিনি পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনের অভ্যন্তরে তার নাম নিয়েই বেশি আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে আরেকটি সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নামও নতুন ডিএমপি কমিশনার হিসেবে বিবেচনায় আসতে পারে। এ ছাড়া আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম নিয়েও আলোচনা চলছে। তবে এখনও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বা সরকারিভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
