সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আদলে একটি ভুয়া ওয়েবসাইট খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল ওয়েবসাইটটি সচল ও নিরাপদ থাকলেও এর আদলে mswbd.org নামে একটি নকল ওয়েবসাইট তৈরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ভুয়া ওয়েবসাইটটি নিয়ে ইতিমধ্যে জনমনে নানা বিভ্রান্তি ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মন্ত্রণালয় জানায়, কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি যদি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় ব্যবহার করে প্রতারণা করতে চায়, তবে সেসব প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ ধরনের প্রতারণা রোধে মন্ত্রণালয়ের আইসিটি শাখার টেলিফোন নম্বর (০১৯১৫০২৬৪২৩) প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই জনস্বার্থে এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর